logo

যুব উন্নয়নের নিয়োগে প্রশ্নফাঁস, সরকারের সমালোচনায় ডাকসু ভিপি

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
যুব উন্নয়নের নিয়োগে প্রশ্নফাঁস, সরকারের সমালোচনায় ডাকসু ভিপি
ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি: সাদিক কায়েমের ফেসবুক থেকে নেওয়া

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত করা হয়েছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

তিনি বলেছেন, “ভেরিফিকেশন বিতর্কের পর এবার প্রশ্নফাঁসের মাধ্যমে বর্তমান বিএনপি সরকার তরুণদের আকাঙ্ক্ষার সঙ্গে সুস্পষ্ট বেইমানি করছে এবং দেশটি যেন আবারও ‘আওয়ামী যুগে’ ফিরে যাচ্ছে।”

শনিবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি পরীক্ষা স্থগিতের পর কেন্দ্রগুলোর সামনে ক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, ২৭ লাখ বেকারের দেশে জুলাই বিপ্লব শুরু হয়েছিল কোনো ধরনের বৈষম্য ছাড়াই মেধার ভিত্তিতে চাকরির দাবিতে। অথচ দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই বর্তমান সরকার তরুণদের সেই প্রত্যাশা চুরমার করে দিচ্ছে। প্রথমে প্রাথমিক শিক্ষক নিয়োগ ও ৪৯তম বিসিএসে ভেরিফিকেশনের নামে কোনো যৌক্তিক কারণ ছাড়াই শত শত শিক্ষার্থীকে বাদ দেওয়া হলো, যা পরবর্তীতে আন্দোলনের মুখে ফিরিয়ে দিতে বাধ্য হয়। আর এবার প্রশ্নফাঁসের পুরোনো সংস্কৃতি ফিরিয়ে এনে বেকারদের চরম অপমান করা হলো।

সরকারের কঠোর সমালোচনা করে সাদিক কায়েম বলেন, ‘সরকারি কোনো না কোনো পর্যায়ের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এভাবে প্রশ্নফাঁস সম্ভব নয়। তাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও এর দায় এড়াতে পারেন না।’

প্রশ্নফাঁসের সিন্ডিকেট নির্মূল করতে না পারা সরকারের সুস্পষ্ট ব্যর্থতা হিসেবে দেখছেন তিনি।

ডাকসু ভিপির দাবি ও হুঁশিয়ারি

১. প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

২. প্রশ্নফাঁসের সব অপশক্তি ও সিন্ডিকেটকে চিরতরে নির্মূল করা।

৩. সরকারি চাকরির প্রতিটি নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা।

ডাকসু ভিপি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বেকার যুবকদের সাথে এ ধরনের প্রতারণা ও গাদ্দারি বজায় থাকলে ইতিহাসে এ সরকারকে ঘৃণার সঙ্গে স্মরণ করা হবে।’