logo

চায়ের দাওয়াত দিয়েছি, এটাও আমার দোষ : মির্জা আব্বাস

চায়ের দাওয়াত দিয়েছি, এটাও আমার দোষ : মির্জা আব্বাস

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘হেনস্তার’ অভিযোগে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কোথায় কী হয়, সব দোষ মির্জা আব্বাসের। আমি চা খাওয়ার দাওয়াত দিছি, এটাও আমার দোষ। এটি নাকি আমি হুমকি দিয়েছি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মালিবাগে বিকেলে নির্বাচনি প্রচারণা চালানোর সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, তারা ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে। অথচ, কোনো প্রতিপক্ষে সঙ্গে আমার কখনও সংঘর্ষ কিংবা ঝগড়া হওয়ার রেকর্ড নেই।

তিনি বলেন, আমি তাদের ফাঁদে পা দেব না। আমার ভোট আমি চাইব, তারা তাদের ভোট চাইবে। শহরজুড়ে আমার বন্ধু-আত্মীয়স্বজন আছে। আমার যত ভক্ত আছে তাদের আত্মীয়স্বজনও তত নেই।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের সময় কিছু অতিথি পাখি দেখা যায়। পরে আর তাদের পাওয়া যায় না। ’৯১ সাল থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছি। কেউ বলতে পারবে না আমাকে পাওয়া যায়নি।

মির্জা আব্বাস বলেন, আমি অনেকবার এমপি ছিলাম। কেউ বলতে পারবে না আমার কাছে এসে খালি হাতে ফিরে গেছে। কিন্তু আমি যা পারব না, তা কখনও আশ্বাস দিইনি। মিথ্যা আশ্বাস আমি দিই না। আমি ফেরেশতা না। তবে কারও ক্ষতি করার জন্য মিথ্যা বলি না।

তিনি বলেন, একজন (নাসীরুদ্দীন) বলছে চাঁদাবাজি না কমালে ‘লাল কার্ড’ দেখাবে। আরে চাঁদাবাজি তো আপনারা করছেন। চাঁদাবাজি তকমা দিয়ে নির্বাচন করতে চাচ্ছেন। চাঁদাবাজদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না। যারা ‘লাল কার্ড’ দেখানোর কথা বলছেন ১২ তারিখে জনগণই আপনাদের লাল কার্ড দেখাবে।

ধানের শীষের এই প্রার্থী বলেন, বিএনপি বানের জলে ভেসে আসেনি। সবকিছুতেই তারা বিএনপির দোষ খোঁজে। দেশে এখন থেকেই অশান্তি পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে।

এর আগে, মঙ্গলবার দুপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘হেনস্তার’ অভিযোগ ওঠে। পরে দুপুরে সংবাদ সম্মেলনে তার ওপর হামলার জন্য মির্জা আব্বাসকে দায়ী করেন নাসীরুদ্দীন ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।