logo
Advertisement

মক্কা-মদিনার নিরাপত্তাকে রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
মক্কা-মদিনার নিরাপত্তাকে রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: এশিয়া পোস্ট

মক্কা ও মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মক্কা ও মদিনা অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সংবাদে উদ্বেগ প্রকাশ করে চরমোনাই পীর বলেন, গতকাল মক্কা-মদিনায় যখন সতর্কতামূলক সাইরেন বেজেছে, এতে গোটা মুসলিম উম্মাহ থমকে গিয়েছিল। হারামাইন তথা মক্কা ও মদিনা বিশ্বের শত কোটি মুসলিমের প্রাণস্পন্দন। আমাদের চূড়ান্ত সীমারেখা। মক্কা ও মদিনা সব রাষ্ট্র-রাজনীতির ঊর্ধ্বের বিষয়। ফলে মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখতে হবে।

ইসলামী আন্দোলনের আমির বলেন, স্বস্তির বিষয় হলো, হুতিদের পক্ষ থেকে মক্কা-মদিনার নিরাপত্তার প্রতি কোনো ধরনের হুমকি সৃষ্টি না করার বার্তা পাওয়া গেছে। এই অবস্থানের ওপরে তাদের অটল থাকতে হবে। একই সঙ্গে সৌদি সরকারের প্রতিও আহ্বান থাকবে, যেহেতু ইসলামের প্রধান দুই পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনারা পালন করছেন, তাই এমন কোনো রাজনৈতিক বিরোধে জড়িয়ে পড়া উচিত নয়, যাতে পবিত্র দুই শহরের প্রতি কোনো ধরনের হুমকি তৈরি হয়।

শুধু নিরাপত্তাই নয়, বরং এই দুই শহর ও জাজিরাতুল আরবের মর্যাদা রক্ষা করাও সৌদি সরকারের দায়িত্ব বলে জানান চরমোনাই পীর।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম হারামাইনের নিরাপত্তার সঙ্গে নিজেদের সংযুক্ত করে বলেন, হারামাইনের নিরাপত্তা প্রশ্নে আমরা; বাংলাদেশের জনগণ আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।