Advertisement

ছাত্রশিবিরে রাতারাতি নেতা হওয়ার সুযোগ নেই: নুরুল ইসলাম সাদ্দাম

এশিয়া পোস্ট নিউজ
ছাত্রশিবিরে রাতারাতি নেতা হওয়ার সুযোগ নেই: নুরুল ইসলাম সাদ্দাম
নুরুল ইসলাম সাদ্দাম। ছবি : সংগৃহীত

ইসলামী ছাত্রশিবিরে রাতারাতি কাউকে কেন্দ্রীয় নেতা বানানো হয় না বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেন, ছাত্রশিবির ক্যাডারভিত্তিক সংগঠন হওয়ায় দীর্ঘ সাংগঠনিক প্রক্রিয়া ও সদস্যদের ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্ধারিত হয়।

সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রশিবিরের প্রতিটি নেতাকে দীর্ঘ সময় তৃণমূল পর্যায়ে কাজ করে যোগ্যতার প্রমাণ দিতে হয়। তিনি বলেন, এখানে হঠাৎ করে কোনো নেতার সিগনেচারে রাতের অন্ধকারে কাউকে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করা হয় না।

তিনি আরও বলেন, ছাত্রশিবিরের নেতৃত্বের কাঠামো অন্যান্য ছাত্র সংগঠনের মতো ব্যক্তিকেন্দ্রিক বা কোনো বড় দলের ইশারানির্ভর নয়। সদস্যরা তাদের ভোটের মাধ্যমে প্রতি বছর কেন্দ্রীয় সভাপতি নির্বাচন করেন। এই নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের লবিং বা সিন্ডিকেটের সুযোগ নেই বলেও তিনি দাবি করেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও কার্যকরী পরিষদের সদস্যদের একটি নির্দিষ্ট বয়সসীমা মেনে দায়িত্ব পালন করতে হয়। সাধারণত ৩০ বছরের কাছাকাছি বয়সের ছাত্ররাই কেন্দ্রীয় নেতৃত্বে থাকেন। শাখা ও উপশাখা পর্যায়ের দায়িত্বশীলরাও সবাই রানিং স্টুডেন্ট এবং ছাত্রত্ব সংগঠনে নেতৃত্বের জন্য বাধ্যতামূলক শর্ত।

তিনি আরও বলেন, ছাত্রদলের নেতৃত্বের বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, সেখানে ৩৫ বা ৪০ বছরের বেশি বয়সিরাও দায়িত্ব পালন করছেন। তাদের অনেকে ছাত্রজীবন শেষ হওয়ার দীর্ঘ সময় পরও পদে আছেন, যা নতুন প্রজন্মের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ নয়। জেনারেশন জেটের স্পন্দন বুঝতে হলে তরুণ নেতৃত্ব অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।