বিএনপি প্রার্থী জেবা আমিনার ব্রিটিশ নাগরিকত্বের অভিযোগ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেবা আমিনা খানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) মাসুদ মৃধা নামে এক ব্যক্তি নির্বাচন কমিশন সচিবালয় এবং সংরক্ষিত নারী আসনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগপত্রে জেবা আমিনার মালিকানাধীন সাতটি ফ্ল্যাটের তথ্য সংযুক্ত করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মিলিয়ে পাঁচটি মামলা রয়েছে বলে উল্লেখ করা হয়। অভিযোগপত্র অনুযায়ী, ২০০৪ সালের ১০ মে জেবা আমিনা করিম নামে ব্রিটিশ পাসপোর্ট পান।
মাসুদ মৃধার আইনজীবী অ্যাডভোকেট হোসনে আরা এশিয়া পোস্টকে বলেন, ‘এই পাসপোর্টের মেয়াদ ছিল ২০১৪ সালের ১০ মে পর্যন্ত। তারপর তিনি আবারও নবায়নকৃত ব্রিটিশ পাসপোর্ট নেন। তিনি এখনও যুক্তরাজ্যের নাগরিক। প্রথম স্বামীর সঙ্গে বিবাহিত থাকা অবস্থাতেই ২০০৫ সালে দ্বিতীয় বিয়ে করেন। আমাদের জানামতে, তিনি ব্রিটিশ নাগরিকত্ব পরিত্যাগ করেননি। দ্বৈত নাগরিকত্ব নিয়ে সংসদ সদস্য হওয়া সংবিধানের ৬৬ (২) অনুচ্ছেদের পরিপন্থি।’
মাসুদ মৃধার দাবি, যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগো শহরে নিবন্ধিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের পরিচালক জেবা আমিনা। প্রতিষ্ঠানটির নথি অনুযায়ী, তিনি যুক্তরাজ্যের নাগরিক। ঢাকার গুলশানের ৫৯ নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় তার সাতটি ফ্ল্যাট রয়েছে। ২০০৯ সালে কনকর্ড কনডোমিনিয়াম থেকে ফ্ল্যাটগুলো বুঝে পান তিনি। তবে নির্বাচনি হলফনামায় তিনি এসব সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া এসব সম্পদের বিপরীতে তার ৩২ লাখ টাকার বেশি হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে।
অভিযোগকারীর দাবি, সন্তানের অভিভাবকত্ব-সংক্রান্ত মামলাসহ আরও চারটি ফৌজদারি মামলার আসামি জেবা আমিনা। এগুলো হলো প্রথম বিয়ে বলবত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা, ভুয়া নথিতে স্বাক্ষর জালিয়াতি, বাসায় সন্ত্রাসী দিয়ে আক্রমণ এবং বাড়িতে জোরপূর্বক প্রবেশ ও লুটতরাজ।
অভিযোগ সত্ত্বেও অবশ্য বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেবাসহ বিএনপি মনোনীত ৩৬ নারী প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দিন খান। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। যোগাযোগের কারণ উল্লেখ করে হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি। ফোন ধরেননি জেবা আমিনাও। হোয়াটসঅ্যাপেও সাড়া দেননি।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থী ছিলেন জেবা আমিনা খান। ঝালকাঠির রাজনীতিতে সক্রিয়তার সুবাদে এক পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। এ ছাড়া মহিলা দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ছিলেন।