রাড্ডা-কাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: মামুনুল হক

রাড্ডা-কাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সরকারকে তার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার পূরণ করতে হবে। জনগণের গণরায় বাস্তবায়নে সরকার ছয় মাস বিলম্ব করলেও বাংলাদেশ খেলাফত মজলিস রাজপথে নামতে ছয় মাস সময় নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, একই নির্বাচন কমিশনের অধীনে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত এবং একইসঙ্গে উভয়ের ফলাফল ঘোষণা করা হয়েছে। একটি ভোটের ফল বৈধ হলে অন্য ভোটের ফলকে অবৈধ বলার সুযোগ নেই।
সংবিধান সংশোধনের মাধ্যমে সাময়িক পরিবর্তন নয়, সংস্কারের মাধ্যমে স্থায়ী সমাধান করতে হবে বলে জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। তিনি বলেন, ভবিষ্যতে কোনো সরকার যেন সহজে সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিবর্তন করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় সংস্কার স্থায়ীভাবে নিশ্চিত করতে হবে।
সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা যাবে না মন্তব্য করে মামুনুল হক বলেন, প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে জনগণের প্রতি জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের প্রয়োজনীয় নাগরিক সেবাগুলোকে সিন্ডিকেটের কবল থেকে মুক্ত করতে হবে। জনগণের এসব সংকট সমাধানে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারি প্রসঙ্গে তিনি বলেন, রাড্ডা-কাণ্ডের দায় শুধু একজন নারী সংসদ সদস্যের ওপর নয়; এই রাড্ডা-কাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে।
তিনি প্রধানমন্ত্রীকে নিজ দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করার আহ্বান জানান।
বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা কারী হাসমত আলীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা মাহবুবুল হক, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা মামুনুর রশীদ, খন্দকার আনোয়ার হুসাইন, ডা. আল আমিন রাকীব প্রমুখ।
