আওয়ামী লীগের রাজনীতিকে ফেরানোর সুযোগ রাখা হচ্ছে : নাহিদ

বাহাত্তরের সংবিধানের ধারাবাহিকতা রক্ষার নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আদর্শ ও রাজনীতিকে পুনরায় ফিরিয়ে আনার সুযোগ রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনের সর্বশেষ সেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় জাতীয় সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ।
তিনি বলেন, সংষদের প্রথম অধিবেশনে বিভিন্ন সংস্কার প্রস্তাব কীভাবে বাস্তবায়িত হবে, তা বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু সরকার তা না করে নিজের মতো সংসদ পরিচালনা করেছে। এভাবে চললে আমাদের একমাত্র পথ হবে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন।
৫৪ বছর ধরে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য লড়াই করতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র প্রতিষ্ঠার কথা ছিল। কিন্তু শেখ মুজিবুর রহমান তার কবর রচনা করে বাকশাল প্রতিষ্ঠা করেন। বহুদলীয় গণতন্ত্রের কথা বলে বিএনপি। নির্বাচনের পরে দেখলাম তারাও জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
এনসিপির আহ্বায়ক বলেন, আমরা সাংবিধানিক সংস্কারের কথা বলেছি। সংশোধনের মাধ্যমে এটা টেকসই হবে না। বিএনপি সংবিধানের মূলনীতি পরিবর্তন করতে চাইলে সেটি টেকসই হবে না, যেকোনো সময় এটা বাতিল হতে পারে।
নাহিদ ইসলাম বলেন, আমি জাতীয় সংসদে বলেছি, জিয়াউর রহমান এই ঐতিহাসিক ভুল করেছিলেন। ফলে বাহাত্তরের সংবিধানের ধারাবাহিকতার নামে আওয়ামী লীগের আদর্শ ও রাজনীতি ফিরিয়ে আনার দরজা খোলা রাখা হচ্ছে।

