ধর্মকে রাজনৈতিক হাতিয়ার করলে সমাজ পিছিয়ে যায়: রুহিন হোসেন প্রিন্স

এশিয়া পোস্ট প্রতিবেদক
ধর্মকে রাজনৈতিক হাতিয়ার করলে সমাজ পিছিয়ে যায়: রুহিন হোসেন প্রিন্স
রুহিন হোসেন প্রিন্স। ছবি: সংগৃহীত

যারা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তারা সমাজকে পেছনের দিকে টেনে নিতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, দক্ষিণপন্থি রাজনীতি প্রগতির বিপরীতে অবস্থান নিয়ে সমাজকে অগ্রগতির বদলে অন্ধকারের দিকে ঠেলে দেয়।

সম্প্রতি এশিয়া পোস্টের 'আলাপন' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা আলেম সমাজেরও কাম্য নয়। তিনি বলেন, অতীতে দক্ষিণপন্থি শক্তিগুলো মুক্তিযুদ্ধের সময় দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছিল।

তিনি বলেন, দক্ষিণপন্থি রাজনীতি আধুনিক ও বৈজ্ঞানিক অগ্রগতির পরিপন্থি। নারীর অধিকারের প্রশ্নেও তাদের নেতিবাচক অবস্থান রয়েছে। রাষ্ট্রকে আধুনিক বিশ্বে এগিয়ে নিতে হলে নাগরিকদের প্রতি সমান দৃষ্টিভঙ্গি প্রয়োজন, যা দক্ষিণপন্থি রাজনীতিতে অনুপস্থিত।