logo

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিল ছাত্র জমিয়ত

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিল ছাত্র জমিয়ত
রোববার এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে পানি-স্যালাইন বিতরণ করেছে ছাত্র জমিয়ত। ছবি: সংগৃহীত

স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়া শিক্ষকদের মাঝে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। একইসঙ্গে রাজধানীর পল্টন এলাকায় সাধারণ মানুষের মাঝেও পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

সংগঠনটি জানায়, রাজধানীতে চলমান তীব্র গরম ও বৈরী আবহাওয়ার মধ্যে আন্দোলনরত শিক্ষকদের কষ্ট লাঘবে এর আয়োজন করা হয়। এ সময় শিক্ষকদের হাতে ঠান্ডা পানি ও স্যালাইন তুলে দেন ছাত্র জমিয়তের দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন, ঢাকা মহানগর পূর্ব শাখার সহসভাপতি কামরুল ইসলাম এবং পিরোজপুর জেলা শাখার সদস্যসচিব আহমাদ নজিরীসহ সংগঠনের নেতাকর্মীরা।

সংগঠনের নেতারা বলেন, দেশের বিভিন্ন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং মানবিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির বলেন, তীব্র গরমে সাধারণ মানুষ ও আন্দোলনরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় আগামী কয়েক দিনও এ কর্মসূচি অব্যাহত থাকবে।