সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করবে বিএনপি

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে দলের নির্বাচনি ইশতেহার ঘোষণায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বাদ দেওয়া হয়েছিল। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তা আবার সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় (১৯৭৯ সাল) ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে যুক্ত করা হয়।
২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। এই সংশোধনীতে রাষ্ট্রের মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। মূলনীতি থেকে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বাদ দেওয়া হয়।
এই সংশোধনীতে সংবিধানে ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়। সে সঙ্গে সংবিধানের ১৪২ অনুচ্ছেদে থাকা গণভোটের বিধান বিলুপ্তি করা হয়।
এ ছাড়া শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। একইসঙ্গে এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়।