logo

এখন মাথা গরম করলে চৈত্র মাসে কী করবেন, বিএনপিকে গোলাম পরওয়ার

এখন মাথা গরম করলে চৈত্র মাসে কী করবেন, বিএনপিকে গোলাম পরওয়ার

বিএনপিকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এখনই মাথা গরম করবেন না। মাঘ মাসে মাথা গরম করলে চৈত্র মাসে কী করবেন?

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) খুলনা-৫ আসনে নির্বাচনি উঠান বৈঠক ও পথসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শেরপুরে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে বিএনপি প্রার্থীর সমর্থকরা। এতে জামায়াতের একজন নেতা শহীদ হয়েছেন। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করতে হবে।

তিনি বলেন, এ ধরনের হানাহানি পুনরায় ঘটলে আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ হবে কি না, সেটি প্রশ্নবিদ্ধ হবে। এই পরিস্থিতিতে বাংলাদেশে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব হবে না।

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, নির্বাচিত হলে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সমস্যা সমাধানে কাজ করবেন।

এদিকে, শেরপুরে সহিংসতায় জামায়াত নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এতে বলা হয়, সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক। জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকাকালে সরকার বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই।

শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। একইসঙ্গে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব রাজনৈতিক দল, নেতা এবং নির্বাচনি প্রচারণায় যুক্ত সবার প্রতি শান্তি বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে সরকার।

বিবৃতি আরও বলা হয়, শান্ত পরিবেশ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভরশীল। অন্তর্বর্তীকালীন সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।