logo

দলীয় পদায়নের মাধ্যমে লুটপাটের রাজনীতি বন্ধ করতে হবে: সারজিস

দলীয় পদায়নের মাধ্যমে লুটপাটের রাজনীতি বন্ধ করতে হবে: সারজিস

দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সরকারি সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। এই পদক্ষেপকে অগণতান্ত্রিক ও স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ হিসেবে অভিহিত করেছেন তিনি। সেই সঙ্গে দলীয় লোকজনের পদায়নের মাধ্যমে লুটপাটের রাজনীতি বন্ধ করার আহ্বান জানান তিনি।

রোববার (১৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে সারজিস আলম বিগত সময়ের প্রসঙ্গ টেনে লেখেন, অন্তর্বর্তী সরকার শুধুমাত্র একটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছিল, তাতেই বিএনপির মতে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল। আজকে দেশের ৪২টি জেলা পরিষদে সরকারদলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এখন কি আর দেশের গণতন্ত্র ধ্বংস হচ্ছে না।

তিনি অবিলম্বে নির্বাচিত সরকারের অধীনে সব স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান। সেই সঙ্গে দলীয় লোকজনের পদায়নের মাধ্যমে লুটপাটের রাজনীতি বন্ধ করার আহ্বান জানান তিনি।

প্রশাসক নিয়োগের রাজনৈতিক উদ্দেশ্য ব্যাখ্যা করে সারজিস আলম লেখেন, এখন দলীয় লোকদের প্রশাসক বানাবে, তাদের মাধ্যমে সুবিধাভোগী তৈরি করবে, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ফায়দা নেবে, অতঃপর তাদেরকে দিয়ে ওই জায়গায় নির্বাচন করিয়ে নির্বাচিত করার পায়তারা করবে; এই রাজনৈতিক নীল নকশা স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ।”

বিএনপির শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যে তিনি বলেন, জনাব তারেক রহমানকে ঠিক করতে হবে—তারা অতীত থেকে শিক্ষা নেবে নাকি কতিপয় অতি চালাকের পরামর্শে স্বৈরাচারের পথে হাঁটবে। নিশ্চয়ই অতি চালাকের গলায় দড়ি!