বেশ কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা চলছে: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, ‘অনেকগুলো আসনে ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে আছেন। কিন্তু সেসব আসনে রিটার্নিং অফিসাররা ফল ঘোষণা করছেন না।’
তিনি দাবি করেন, দ্রুত ফলাফল প্রকাশ না হলে বিভ্রান্তি তৈরি হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াতের আমির বলেন, নির্বাচন কমিশন ১৩ তারিখের মধ্যেই ফলাফল ঘোষণা করার কথা জানিয়েছেন। আমরা সে পর্যন্ত ধৈর্য ধারণ করব। যদি তারা সেটা করতে ব্যর্থ হন, তাহলে আমরা সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করব। এর ভেতরে বেশ কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা চলছে। এমনকি ঢাকা-৮ আসনে এখনো ঝুলে থাকবে কেন? সেখানে কী হচ্ছে? আপনারা সাংবাদিকরা জানেন। এ বিষয়গুলো সুস্থ ধারার রাজনীতির পরিচয় বহন করে না, এগুলো অসুস্থ ধারার রাজনীতি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কতটি আসনে জয় পেয়েছি তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। কারণ এখনো অনেক আসনের ফলাফল ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা নিশ্চিত, বুথ ফেরত যে সিট আমাদের কাছে এসেছে, সাইন করা সিট, সেখানে আমরা এগিয়ে আছি। কিন্তু এটা নিয়ে লোকালি নানা তালবাহানা করা হচ্ছে। বলা হচ্ছে, আরেকটু মিলিয়ে দেখতে হবে, মিলিয়ে দেখতে হবে, এই আছে ওই আছে, কিন্তু এই-ওই কি তা বুঝতে পারছি না।
কারচুপির আশঙ্কা করছেন কি না—প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, অনেক কিছুই তো হয়েছে। কিন্তু এখনই কিছু বলতে চাচ্ছি না। যখন ফাইনাল তথ্য আমাদের হাতে এসে যাবে, ১১ দলের নেতৃবৃন্দ বসে কম্পাইল (সংকলন) করে সিদ্ধান্ত জানাব।