বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুস মারা গেছেন

দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস (৭৬) মারা গেছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরা সায়েন্স হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে এই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, রোববার বাদ জোহর ময়মনসিংহের গফরগাঁওয়ে তার নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে শনিবার বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মহিলা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনারসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
অধ্যাপক আব্দুল কুদ্দুস একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক এবং প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ছিলেন।