logo

নেতৃত্বের অনুভূতি থাকা ব্যক্তিই প্রকৃত লিডার: মামুনুল হক

নেতৃত্বের অনুভূতি থাকা ব্যক্তিই প্রকৃত লিডার: মামুনুল হক
শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মজলিসে শুরা আমের সদস্যদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘লিডারশিপ এক্সিলেন্স প্রোগ্রামে’ কথা বলেন মামুনুল হক। ছবি: সংগৃহীত

যুব মজলিস নেতা তৈরি করে না, বরং দায়িত্বশীল তৈরি করে জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, প্রকৃত দায়িত্বশীল সেই, যে তার ওপর অর্পিত দায়িত্ব কাঁধে তুলে নেয়। নেতৃত্বের অনুভূতি থাকা ব্যক্তিই প্রকৃত লিডার।

শুক্রবার (১৫ মে) বিকেল ৫টায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মজলিসে শুরা আমের সদস্যদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘লিডারশিপ এক্সিলেন্স প্রোগ্রামে’ এ কথা বলেন তিনি। রাজধানীর বসিলায় তাগলিবে দ্বীন মারকাজে গতকাল ১৪ মে এ প্রোগ্রাম শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, একজন দায়িত্বশীল বা লিডারের মধ্যে নেতৃত্বের অনুভূতি থাকা জরুরি। একজন লিডার তার অধীনে সংঘটিত কাজের ত্রুটি-বিচ্যুতির দায় নিজের কাঁধে নেবে এবং নিজের সীমাবদ্ধতাগুলো অধস্তনদের সামনে তুলে ধরবে, যাতে তাদের মধ্যেও দায়িত্বশীলতার অনুভূতি সৃষ্টি হয়।

কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামানের সভাপতিত্বে এবং সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল-আবিদ শাকিরের যৌথ পরিচালনায় প্রোগ্রামের বিভিন্ন সেশনে বিষয়ভিত্তিক আলোচনা করেন দেশের বিশিষ্ট আলেম, গবেষক ও সংগঠকরা।

সংগঠন পরিচালনা, পরিকল্পনা ও ম্যানেজমেন্ট বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা ইমদাদ আশরাফ। ‘বঙ্গের ইতিহাস ও আগামীর রাজনীতি’ নিয়ে আলোচনা করেন লেখক ও চিন্তাবিদ মুসা আল হাফিজ।

সংগঠনের অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনার কৌশল নিয়ে আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। টিম বিল্ডিং ও কমিউনিকেশন বিষয়ে আলোচনা করেন মামুনুল হকের ব্যক্তিগত পররাষ্ট্র বিষয়ক সচিব ফরিদ খান। যুব মজলিসের কর্মসূচি সংক্রান্ত মৌলিক দিকনির্দেশনা তুলে ধরেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব। এ ছাড়া আরও বিভিন্ন বিষয়ে অভিজ্ঞরা আলোচনা ও দিকনির্দেশনা দেন।