logo

জামায়াত সংসদে গেলে রাষ্ট্রপতি-ভিখারির জন্য একই বিচার : শফিকুর রহমান

জামায়াত সংসদে গেলে রাষ্ট্রপতি-ভিখারির জন্য একই বিচার : শফিকুর রহমান

আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী সংসদে গেলে রাষ্ট্রপতি এবং ভিখারির জন্য একই বিচার হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জামায়াত সংসদে গেলে রাষ্ট্রপতি এবং ভিখারির জন্য একই বিচার হবে। কারও প্রতি অবিচার করা হবে না।

জামায়াত আমির বলেন, আমরা নারীদের জন্য নিরাপদ সমাজ এবং কর্মস্থল নিশ্চিত করব। কেউ যেন বঞ্চিত না হয় সে পরিস্থিতি সৃষ্টি করা হবে।
 
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জামায়াত ক্ষমতায় গেলে দেশের সব সেক্টরে বিপ্লব ঘটবে। কুষ্টিয়া চিনিকল খুলে দেওয়া হবে। এখনকার তরুণ প্রজন্ম এবং নারীরা পুরোনো বস্তাপচা রাজনীতি আর চায় না। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে সবার হাতে কাজ তুলে দিতে পারব। 

পদ্মা-গড়াই এখন মরুভূমি উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই নদী বাঁচিয়ে রাখার নামে টাকা লুটপাট করা হয়েছে। 
 
জামায়াত আমির বলেন,  ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দেশ রক্ষায় রাস্তায় নামে। অন্যদিকে একটি দল মামলাবাণিজ্য শুরু করে।