logo

পহেলা বৈশাখ নিয়ে সংবেদনশীলতা রক্ষার আহ্বান জমিয়তের

পহেলা বৈশাখ নিয়ে সংবেদনশীলতা রক্ষার আহ্বান জমিয়তের

পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রা নিয়ে সংবেদনশীলতা রক্ষার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।  

বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ আহ্বান জানান।  

বিবৃতিতে তারা বলেন, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর জাতীয় সংসদে সাম্প্রতিক বক্তব্য গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা হয়েছে। এ বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিপন্থি বলে প্রতীয়মান হয়। একটি বহুধর্মী ও বহু সাংস্কৃতিক সমাজে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, সব নাগরিকের ধর্মীয় অনুভূতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা এবং কোনো নির্দিষ্ট সংস্কৃতি বা আচার-অনুষ্ঠান অন্য সম্প্রদায়ের ওপর চাপিয়ে না দেওয়া।

পহেলা বৈশাখের কোনো কার্যক্রম কোনো ধর্মাবলম্বীদের ওপর আরোপের প্রচেষ্টা উদ্বেগের বিষয় বলে মনে করেন তারা। 

তারা বলেন, পহেলা বৈশাখ বাংলাদেশে সাংস্কৃতিক উৎসব হিসেবে উদযাপিত হয়ে এলেও এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো কার্যক্রম যদি নির্দিষ্ট ধর্মীয় রূপ ধারণ করে বা তা অন্য ধর্মাবলম্বীদের ওপর আরোপের প্রচেষ্টা দেখা যায়, তাহলে তা স্বাভাবিকভাবেই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। 

তারা মনে করেন, ‘মঙ্গল শোভাযাত্রা’কে ধর্মীয় আচার হিসেবে উপস্থাপন করে সেটিকে সবার জন্য বাধ্যতামূলক করার যে কোনো প্রচেষ্টা অনুচিত এবং সংবেদনশীলতার পরিপন্থি।

পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে এগিয়ে যাওয়াই বর্তমান সময়ের দাবি জানিয়ে তারা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে। উসকানিমূলক বক্তব্য বা কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। 

সংশ্লিষ্ট সবার প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানান তারা।