logo
Advertisement

প্রথম ছয় মাস সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: চরমোনাই পীর

এশিয়া পোস্ট প্রতিবেদক
প্রথম ছয় মাস সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে কথা বলছেন চরমোনাই পীর। শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে। ছবি: দলের সৌজন্যে

বিএনপি সরকারের প্রথম ছয় মাস সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পরে ছয় মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু তাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবে রূপ পাওয়ার ন্যূনতম লক্ষণও প্রকাশ পায়নি।

Advertisement

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের জেলা প্রতিনিধি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে চরমোনাই পীর বলেন, নির্বাচনের আগে বিএনপি নেতৃত্ব অনেক আশার বাণী শুনিয়ে ছিল, এক কোটি কর্মসংস্থানের অঙ্গীকার করেছিল, জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছিল। বিএনপি সরকার গঠনের পরে ছয় মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু তাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবে রূপ পাওয়ার ন্যূনতম লক্ষণও প্রকাশ পায়নি। বরং অধিকাংশ ক্ষেত্রে পরিস্থিতি আরও নাজুক হয়েছে।

বিএনপি সরকারের গত ছয় মাসের কাজের সমালোচনা করে তিনি বলেন, গত ছয় মাসে শুধু আরএমজি খাতেই বেকার হয়েছে ২০ হাজারের মতো মানুষ। প্রতিদিন গড়ে দশজন করে মানুষ খুন হচ্ছে। লোডশেডিং মাত্রা ছাড়িয়েছে, জ্বালানি সংকটে দেশের স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়েছে। সার্বিকভাবে সরকারের প্রথম ছয় মাস সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়।

মানুষ হত্যার পরে পুলিশ খুনিদের গ্রেপ্তার করলেও কোনো বিচার হয় না মন্তব্য করে সৈদ মুহাম্মদ রেজাউল করীম বলেন, নিম্ন আদালতে বিচারের রায় ঘোষণা হলেও সেই রায় আর কার্যকর হয় না, আদালতের অন্দরে বিচার পথ হারায়। অথচ জনগণের প্রত্যাশা ছিল, অপরাধ সংগঠনের আগেই পুলিশ সক্রিয় হবে, অপরাধ সংগঠনের আগেই অপরাধী নিস্ক্রিয় হবে।

তার মতে, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কাঙ্ক্ষিত মাত্রায় কার্যকর করতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন, লোডশেডিং কমান, জ্বালানি সংকট সমাধান করুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। অন্যথায় মানুষের ক্ষোভ সীমা স্পর্শ করতে পারে।

সংস্কারের বিষয়ে সরকারের ভূমিকা হতাশাজনক মন্তব্য করে ইসলামী আন্দোলনের আমির বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছিল। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে সেই সর্বসম্মত বিষয়টিও অনুসরণ করা হয়নি। সংস্কারের অন্য বিষয়গুলোতে সরকার রীতিমতো বিরুদ্ধ অবস্থান নিয়েছে। আমরা বারবার বলে আসছি, দেশে সাংবিধানিক সুযোগ ব্যবহার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের দুর্বলতার সুযোগ নিয়েই দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

জুলাই সনদের আলোকে সংস্কার সাধন করে দেশ থেকে স্বৈরতেন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করার দাবি জানিয়ে চরমোনাই পীর বলে, যদি সরকার সংস্কার না করে তাহলে যে ভয়াবহ পরিণতির আশঙ্কা তৈরি হবে, তার দায় এই সরকারকে নিতে হবে।