ছাত্রলীগের পরিণতির জন্য তারাই দায়ী: হাবিবুর রহমান হাবিব

বর্তমান ছাত্রলীগের এই পরিণতির জন্য সংগঠনটির নেতারাই দায়ী বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
তিনি বলেন, একসময় শিক্ষা, শান্তি ও প্রগতির আদর্শিক সংগঠন হিসেবে পরিচিত ছাত্রলীগ গত সাড়ে ১৭ বছরে লুটপাট, ধর্ষণ, চাঁদাবাজি ও খুনোখুনির সঙ্গে জড়িয়ে পড়ে নিজেদের অবস্থান সম্পূর্ণ নষ্ট করেছে। এ কারণেই বর্তমানের ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় তিনি খুশি।
সম্প্রতি ‘এশিয়া পোস্ট’-এর ধারাবাহিক অনুষ্ঠান ‘আলাপন’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান হাবিব বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর যে নির্মম দমন-পীড়ন চালানো হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি দাবি করেন, হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের হত্যা করা হয়েছে এবং হাজারো শিক্ষার্থীকে অন্ধ ও পঙ্গু করে দেওয়া হয়েছে। এসব পাশবিক ঘটনার জন্য আওয়ামী লীগ বা তৎকালীন সরকার হাজারবার ক্ষমা চাইলেও দেশের মানুষ তাদের কখনোই ক্ষমা করবে না।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যে নিষ্ঠুরতা দেখানো হয়েছে, তার কোনো ক্ষমা নেই। তবে বর্তমানে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, সেখানে মানুষ অন্তত নির্ভয়ে কথা বলতে পারছে; যা জুলাই বিপ্লবের অন্যতম বড় অর্জন।
হাবিবুর রহমান হাবিব উল্লেখ করেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুর্নীতি এখন বিশ্বজুড়ে একটি নেতিবাচক তকমায় পরিণত হয়েছে। আর এ কারণেই তাদের নতুন করে রাজপথে এসে দাঁড়ানোর মতো কোনো নৈতিক সাহস নেই।
.png)





