logo

সারা দেশে বৃক্ষরোপণ করবে ছাত্র জমিয়ত

সারা দেশে বৃক্ষরোপণ করবে ছাত্র জমিয়ত
chatro-jamiyat

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

মঙ্গলবার (২ জুন) সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে সংগঠনের সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক ভারসাম্যহীনতা বর্তমানে বিশ্ববাসীর জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

ইসলামও পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে বলে জানান তিনি।

সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র জমিয়তের সব জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, থানা এবং শিক্ষা প্রতিষ্ঠান শাখাকে নিজ নিজ এলাকায় গাছ লাগানোর আহ্বান জানান রিদওয়ান মাযহারী।

ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পাশাপাশি সেগুলোর পরিচর্যা নিশ্চিত করার প্রতিও গুরুত্বারোপ করেন রিদওয়ান মাযহারী।

তিনি বলেন, আগামী ৫ জুন সারা দেশে গাছ লাগানোর পাশাপাশি পরিবেশ সচেতনতামূলক প্রচারাভিযান এবং পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে।