logo
ন্যাশনাল ওলামা এলায়েন্স

রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে

রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে
ছবি: সংগৃহীত

সম্প্রতি রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে হতাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ন্যাশনাল ওলামা এলায়েন্স। একইসঙ্গে দ্রুত বিচার কার্যকরের মাধ্যমে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায় সংগঠনটি।

বৃহস্পতিবার (২১ মে) সংগঠনটির মিডিয়া প্রধান মাওলানা মাহমুদুল হক জালীস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদী ও সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান বিৃবতিতে বলেন, ‘সম্প্রতি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি লক্ষ করছি। খুন-ধর্ষণসহ নানা অপরাধ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গত কয়েক দিনে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় দেশের জণগণ গভীরভাবে উদ্বিগ্ন ও আতঙ্কিত।’

তাদের মতে, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের পরও অপরাধীর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করায় অপরাধীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।

অবিলম্বে নরপিশাচ ধর্ষককে গ্রেপ্তার করে দ্রুত বিচার কার্যকরের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বলে জানান তারা।

তারা বলেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতায় বিচারের দীর্ঘসূত্রিতার সুযোগ নিয়ে অপরাধী আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে গেলে এর দায়ভার সরকারকেই নিতে হবে।

তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে অপরাধপ্রবণতা আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও ভয়াবহ আকার ধারণ করবে।

জনমানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অতি দ্রুত সরকারের কার্যকরী পদক্ষেপ চান তারা। রামিসা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পরিবারের সদস্যদের নিরাপত্তা ও সুস্থতা কামনা করে ন্যাশনাল ওলামা এলায়েন্স।