মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন, এমপি হতে বিএনপির ফরম নিলেন যারা

রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবাকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে সংরক্ষিত নারী আসন-২৩ থেকে পদত্যাগ করেন বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টি। তার পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে ফরম কিনেছেন ৭০ জন। বিএনপির দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম নেওয়া নারীদের মধ্যে সাবেক সংসদ সদস্য, দলের কেন্দ্রীয় নেত্রী এবং জেলা ও মহানগর পর্যায়ের সংগঠকরা রয়েছেন। তবে এই আসনের উপনির্বাচনে একজনকে মনোনয়ন দেবে বিএনপি।
ফরম নেওয়া নেত্রীরা আশা করছেন, বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা এবং বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হওয়া নেত্রীদের দল মূল্যায়ন করবে। তারা সংসদে গিয়ে নিজের এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার সুযোগ চান।
এর আগে বিএনপির ঘোষিত সময়সূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণের সময় নির্ধারিত ছিল। সংগ্রহ করা ফরম পূরণ করে আজ শনিবার (১৭ অক্টোবর) একই কার্যালয়ে জমা দিতে হবে।
আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম জমা নেওয়া হবে। দলীয় মনোনয়ন চেয়ে এই ফরম জমা দেওয়ার পরও নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র দাখিলের আলাদা প্রক্রিয়া রয়েছে।
বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ফরম নেওয়া নেত্রীদের মধ্যে রয়েছেন বিএনপির সহমানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার সানু ও আয়শা সিদ্দিকা মনি।
এ ছাড়া ফরম সংগ্রহ করেছেন মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহিনুর বেগম, মহিলা দলের কেন্দ্রীয় মানব উন্নয়নবিষয়ক সম্পাদক খন্দকার ফারহানা আতিকা, বরিশাল মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ হক, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লা ও দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা হীরা।
মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রবীণ নারী নেত্রী জেলী চৌধুরী। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় আসেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা ও সিমকী ইমাম খান।
চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়প্রত্যাশী হিসেবে আলোচনায় থাকা সৈয়দা আদিবা হোসেন, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেহানা আক্তার শিরিন প্রমুখ।
তাদের অনেকেই এর আগে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চেয়ে পাননি। কেউ সরাসরি সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টায় ছিলেন। মিষ্টির পদত্যাগের পর তাদের সামনে আবার সুযোগ এসেছে। ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা নেত্রীর পাশাপাশি মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের সংগঠকেরাও এবার মনোনয়ন চাইছেন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর মিরপুরের রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবাকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন মিষ্টি। তার পদত্যাগের দিনই সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়।
তপশিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর এ আসনের উপনির্বাচন হবে। মনোনয়নপত্র জমার শেষ দিন ২৬ অক্টোবর, বাছাই ২৭ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর।
বিএনপির জন্য বরাদ্দ আসন হওয়ায় দলটিই এখানে প্রার্থী মনোনয়ন দেবে। একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ফলে ৬৭ জনের মধ্যে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, সেটিই এখন এই আসনের পরবর্তী সংসদ সদস্য নির্ধারণের মূল বিষয়।
