বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: সারজিস আলম

গণভোট ইস্যুতে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও যোগদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, এ সরকারের আমরা যত ধরনের প্রতারণা দেখলাম, কোনো নির্বাচিত সরকার চার মাসে এত প্রতারণা করতে পারে, এই কল্পনা বাংলাদেশের মানুষ করে নাই।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গিয়েছেন, কিন্তু আপনারা সংসদে গিয়ে এখন গণভোটকে অস্বীকার করছেন। আপনাদের এই খামখেয়ালিপনা জনগণ কখনও মেনে নেবে না। জনগণের ভোটে নির্বাচিত হলেও তারা অল্প দিনেই জনগণের সঙ্গে প্রতারণা শুরু করে দিয়েছে।
সারজিল বলেন, জনগণ এখন অনেক বেশি সচেতন। তারা প্রতারণার রাজনীতি প্রত্যাখান করবে।
এনসিপি মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইমরাত জাহান বিন্দু, এনসিপির চাঁদপুর জেলা কমিটির মাহবুবুল আলম, উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধান প্রমুখ।
