ইসলামী আন্দোলন /ভারত সরকার কলকাতায় নাগরিক নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ ঘটনায় দলটি মনে করছে, ভারত সরকার সেবা খাতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক বলেন, কলকাতার সেবা খাত অনেকাংশে বাংলাদেশের ওপরে নির্ভরশীল। কিন্তু ভারত সরকার সেবা খাতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। স্থানীয় প্রশাসন ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর ব্যর্থতায় ঝুঁকি নিয়েই সেবা খাত গড়ে উঠেছে, যার জন্য আজকে বাংলাদেশের নয়জনকে জীবন দিতে হলো।
তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, স্বজনদের কাছে হতাহতদের মরদেহ পৌঁছানোর দায়িত্ব ভারত-বাংলাদেশ সরকারকে নিতে হবে।
শাহ ইফতেখার তারিক বলেন, জানা যাচ্ছে তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। ৫৫ বছর ধরে স্বাধীন একটা দেশের নাগরিকদের চিকিৎসার মতো মৌলিক সেবা নিতে পাশের দেশে যাওয়া আমাদের জন্য হতাশার। এটা আমাদের চিকিৎসা খাতের ব্যর্থতার প্রতীক। স্বাধীনতার পরে যারাই সরকার পরিচালনা করেছে, তাদের সবাইকে এর দায় বহন করতে হবে।
বাংলাদেশের নাগরিকদের কোনো দেশে যাওয়ার অনুমতি দেওয়ার আগে সেখানকার নিরাপত্তা নিয়ে প্রাথমিক খোঁজখবর নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব জানিয়ে তিনি বলেন, কলকাতার সেবা খাতের ভঙ্গুরদশা নিয়ে সরকার নাগরিকদের কোনো ধরনের সতর্কবার্তা দিয়েছে বলে আমরা জানি না। ফলে এই মৃত্যুর জন্য বাংলাদেশ সরকারের নৈতিক দায় রয়েছে।



