নিজের স্কলারশিপ বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করলেন ছাত্রদল নেতা

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭ তালিকার ১৩তম স্থানে থাকা চীনের পিকিং ইউনিভার্সিটির ‘ডংফাং স্কলারশিপ’ সম্পন্ন করে এবং অ্যাম্বাসেডর নির্বাচিত হয়ে ঢাকায় পৌঁছেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।
উদীয়মান রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত ডংফাং স্কলারশিপে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন ডা. আউয়াল। ৫৪টি দেশের ৫৪ জন প্রতিনিধি এই স্কলারশিপে অংশ নেন। নিয়ম অনুযায়ী প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অ্যাম্বাসেডর নির্বাচন করে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সর্বোচ্চ ১৯ ভোট পেয়ে অ্যাম্বাসেডর নির্বাচিত হন ছাত্রদল সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডা. আউয়াল বলেন, ‘আমার এই অর্জন বাংলাদেশের অর্জন। বাকি দেশগুলো একটি করে সার্টিফিকেট পেলেও বাংলাদেশ দুটি সার্টিফিকেট পেয়েছে। পিকিং বিশ্ববিদ্যালয়ের কোড নম্বর ০০১। ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীন ও চীনের কমিউনিস্ট পার্টির ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। তারা ২০১৮ সাল থেকে নিয়মিত এই ডংফাং স্কলারশিপের আয়োজন করে আসছে। বাংলাদেশ থেকে এবার আমি প্রতিনিধিত্ব করেছি। আমাকে এই সুযোগ প্রদানের জন্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও বিএনপির মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
এ সময় তিনি আরও বলেন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বদা পড়ালেখার জন্য উৎসাহ দিতেন। তাই আমার এই স্কলারশিপ গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করতে চাই। তিনি জীবন দিয়েছেন, তবুও আপস করেন নাই। এখানেই অনন্য ছিলেন বেগম খালেদা জিয়া। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করি।
এ সময় এই ছাত্রদল নেতাকে বরণ করে নিতে হাজারও নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন।