৫ আগস্টের আগের সময়টা রিকল করার সময় এসেছে: আসিফ

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে যে পরিস্থিতি ছিল সে পরিস্থিতির মধ্যে আছি। আমরা সে সময়ে যেমন শঙ্কায় থাকতাম যে, আমরা কোনো কিছু মিডিয়াতে বললে সেটা প্রচার হবে কি না কিংবা কোথাও কোনো অনিয়ম হলে বা কাউকে গুলি করে মারা হলে বা কারও ওপর হামলা হলে সেটা প্রচার হচ্ছে কি না, এখন আমরা সেরকম একটা পরিস্থিতিতে আছি। সেক্ষেত্রে আমাদের আবার একটু সেই সময়টা রিকল করার সময় এসেছে। সেই স্ট্র্যাটেজিগুলো নেওয়ার সময় এসেছে।
তিনি বলেন, এখন যদি মেইন স্ট্রিম মিডিয়া আমাদের সহযোগিতা না করে সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যতটুকু সক্ষমতা আছে সেগুলো নিয়ে দেশবাসীর কাছে তুলে ধরতে হবে যে, কোথায় কী কী অনিয়ম হচ্ছে। এটা একটা বড় দায়িত্ব, যেখানে আপনার আমাদের বন্ধুরা, সহযোদ্ধারা জীবন দিয়েছেন, বাংলাদেশের যে গণতন্ত্র পুনরুদ্ধার আমরা করতে চাচ্ছি, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের আবার লড়াই করতে হবে। আবার মাঠে নেমে আসতে হবে। আপনাদের যার বাড়ির আশেপাশে যে কেন্দ্র আছে সেই কেন্দ্র পাহারা দেওয়া, সেই কেন্দ্র যেন আজকে রাতটা নিরাপদে থাকে সেটা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব।
বুধবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, বিভিন্ন স্থানে কেন্দ্র দখল করা নিয়ে এক ধরনের প্রচেষ্টা চলছে। অনেকগুলো জায়গাতেই আমাদের নিউজ আসছে, অনেক জায়গায় হয়তো আসতেও পারছে না। কারণ আমরা দেখছি যে, অনেক জায়গায় নিউজ ব্লক করা হচ্ছে। আর নির্বাচনের প্রথম প্রহর শুরু হওয়ার আগেই এই বিষয়গুলো শুরু হয়ে গেছে। নির্বাচনের দায়িত্বে আছেন প্রায় ৯ লাখেরও বেশি সদস্য, আপনারা এখন থেকেই খুবই সক্রিয়তার সাথে মাঠে থেকে প্রত্যেকটি কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আমাদের আহ্বান থাকবে।
তিনি আরও বলেন, আজকে রাতে বিভিন্ন জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করে, হামলা করে যে প্যানিক সৃষ্টি করল বিএনপির পক্ষ থেকে, সেই আতঙ্ক থেকে কেউ আবার ভোটকেন্দ্রে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত না হয় সেটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।
এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের জনগণের প্রতি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে, অবশ্যই আপনাদের ভোট দিতে হবে, যে কোনো পরিস্থিতিতে আপনাদের ভোট দিতে হবে। কোনো ঝামেলা চলছে বা রাতে ঝামেলা চলছে এ কথা মাথায় রেখে যদি কেউ ভোট না দিতে চান তাহলে আর পরিবর্তন আসবে না। তাহলে যা কিছু আগের মতো ছিল, আবার আমরা আগের বাংলাদেশের দিকে ফিরে যাচ্ছি এবং এর ভয়ানক রূপ সম্পর্কে আমরা সবাই অবগত।