logo

সরকারকে ঘিরে নানা ষড়যন্ত্রে বট বাহিনীর সক্রিয়তা দেখছি: দুদু

সরকারকে ঘিরে নানা ষড়যন্ত্রে বট বাহিনীর সক্রিয়তা দেখছি: দুদু
ছবি: এশিয়া পোস্ট

বিএনপি নেতৃত্বাধীন সরকারকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র, প্রচারণা ও অপতৎপরতা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রচারণার সঙ্গে বট বাহিনীর সম্পর্কও দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকার হঠাৎ করে ক্ষমতায় আসেনি। দীর্ঘ ১৮ থেকে ২০ বছরের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও গণমানুষের সমর্থনের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ভালোবাসা, শ্রদ্ধা ও সমর্থনই বিএনপি সরকারকে এ জায়গায় নিয়ে এসেছে।

তিনি বলেন, এই সরকারকে নিয়ে নানা ষড়যন্ত্র, নানা ধরনের ঘটনা, নানা ধরনের প্রচারণা চলছে। সে প্রচার-ঘটনার সঙ্গে বট বাহিনীর একটি সম্পর্ক আমরা দেখছি। সোশ্যাল মিডিয়ায় এমন কোনো অশ্রাব্য ভাষা নেই, যেটা আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে ব্যবহার করা হয় না।

সাবেক এই সংসদ সদস্য বলেন, চারদিকে নানা ধরনের চ্যালেঞ্জ ও প্রতিপক্ষের তৎপরতা রয়েছে। এ পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তার মতে, জনগণ বিএনপির সঙ্গে আছে, জনগণ সরকারের সঙ্গে আছে এবং সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বের প্রতিও জনগণের আস্থা রয়েছে।

বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ সময়ের লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে দল আজকের অবস্থানে এসেছে। তাই সরকারকে আরও শক্তিশালী করতে এবং গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।