গণঅভ্যুত্থানে প্রথম পাশে দাঁড়িয়েছিল ইসলামী আন্দোলন: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রথম রাজনৈতিক দল হিসেবে ব্যানার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পাশে দাঁড়িয়েছিল। আপনাদের এই অবদান দেশ ও জাতির জন্য আমরা আজীবন স্মরণ করব। এখন আমি জীবিত অবস্থায় আপনাদের সামনে রয়েছি, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সে সময় আমাদের পাশে যারা এসে দাঁড়িয়েছে, তাদের জন্য সম্ভব হয়েছে। বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথে ইসলামী আন্দোলনের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে, আগামীতেও সেই সম্পর্ক অব্যাহত থাকবে।
বরিশালে চরমোনাই মাহফিলে অংশ নিয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তিনি এ বক্তব্য দেন। এর আগে বরিশাল সদর উপজেলায় চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল চরমোনাই পীরের দরবারে পৌঁছায়।
চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়তুল্লাহ জানান, ফজরের নামাজের পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মাহফিলে বয়ানে বসেন এবং বয়ান শেষে আসিফ মাহামুদ ও এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে ঘরোয়া বৈঠকে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা আব্দুল কাদের, জাতীয় ছাত্রশক্তি নেতা যোবায়ের হোসেন প্রমুখ।