logo

পুলিশের উপস্থিতিতেই আমার ওপরে ডিম, ইটপাটকেল নিক্ষেপ: পাটওয়ারী

পুলিশের উপস্থিতিতেই আমার ওপরে ডিম, ইটপাটকেল নিক্ষেপ: পাটওয়ারী
জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, পুলিশের উপস্থিতিতেই আমার ওপরে ডিম, ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসকের বাসভবনের সামনে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলা করে।

শুক্রবার (২২ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই দাবি করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে।

তিনি বলেন, প্রথমে ডিম, ইটপাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিলঘুসি মারা হয়।

এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।