ডিম নিক্ষেপের ঘটনায় নাসীরুদ্দিন পাটওয়ারীর প্রতিক্রিয়া

রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ এলাকায় নির্বাচনি প্রচারণার সময় ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, এখানে অনেক সন্ত্রাসী পাঠানো হয়েছে যাতে আমাদের উপর হামলা করা হয়। আমরা সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে আছি। ইনশাআল্লাহ, বাংলাদেশের সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের নতুন লড়াই শুরু হয়েছে। আমরা ভয় পাব না ইনশাআল্লাহ।
তিনি বলেন, নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। গতকাল আমাদের এক প্রার্থীর ওপর হামলা হয়েছে। আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা সুষ্ঠু ভোটের মাধ্যমে যেতে চাই। হারার ভয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না।
এনসিপির এই নেতা বলেন, মির্জা আব্বাসকে বলব সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন। আর জনগণকে বলব, আসছে ১২ তারিখে হ্যাঁ গণভোটে রায় দিন ও শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে নতুন বাংলাদেশ গঠন করুন।
মঙ্গলবার এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হলে ছাত্রদল পরিচয়ে সন্ত্রাসীরা ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজের ভেতরে ঢোকার পর দুই পক্ষই উত্তেজনামূলক স্লোগান দেয় এবং নাসীরুদ্দীনের ওপর ডিম নিক্ষেপ করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে, গত ২৩ জানুয়ারি সিদ্ধেশ্বরী রোডে মৌচাক এলাকার একটি গলিতে পথসমাবেশ চলাকালে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও নোংরা পানি ফেলার অভিযোগ ওঠে।