গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে

সম্প্রতি দেশে জ্বালানি গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, লোডশেডিং এবং দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মনে করছে খেলাফত মজলিস। দলের নেতারা বলছেন, গ্যাস সংকটে শিল্প-কারখানায় উৎপাদন বন্ধ, সিএনজিচালিত যানবাহন সংকট, বিদ্যুৎ উৎপাদন বন্ধসহ ভয়াবহ সংকটের মুখে পড়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দলের কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক আবদুল হাফিজ খসরুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার সন্ধ্যা ৭টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির বৈঠকে এ কথা বলেন নেতারা।
খেলাফত মজলিসের নেতারা বলেন, এই সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে বিগত পাঁচ মাসে জ্বালানি খাতে একের পর এক ব্যর্থতার চিত্র ফুটে উঠছে। সরবরাহ চেইন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা দিতে জ্বালানি মন্ত্রণালয়ের ব্যর্থতা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। সরকারকে ভোগান্তি নিরসনে জনগণের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।
অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানায় খেলাফত মজলিস।
সরকারি দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও চাঁদাবাজির চিত্র গত কয়েকদিনে মিডিয়ায় এসেছে জানিয়ে নেতারা বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে শিক্ষাঙ্গনে আর কোনো ত্রাসের রাজত্ব কায়েম হোক ছাত্র-জনতা তা চায় না। শিক্ষার পরিবেশ ব্যাহত হলে মেধার সুস্থ বিকাশ রুদ্ধ হবে। হল ও ক্যাম্পাসে দলীয় আধিপত্যবাদী আচরণ বন্ধ করতে হবে।
সুষ্ঠু পরিবেশ রক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনকে পক্ষপাতমুক্ত আচরণ করতে হবে বলে জানান নেতারা।
খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক আবদুল হাফিজ খসরু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, খন্দকার সাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, মাওলানা নুরুল হক, আবুল হোসেন, আমীর আলী হাওলাদার প্রমুখ।
