logo

সৎ কর্মকর্তা না থাকলে জাকাতব্যবস্থাও সংকটে পড়বে: আব্দুর রব

সৎ কর্মকর্তা না থাকলে জাকাতব্যবস্থাও সংকটে পড়বে: আব্দুর রব

জাকাত গ্রহণ ও বণ্টনের ক্ষেত্রে সৎ কর্মকর্তা না থাকলে জাকাতব্যবস্থাও সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। তিনি বলেন, মুসলিম শাসকদের প্রথম কাজ হবে সমাজে নামাজ প্রতিষ্ঠা করা। এরপর জাকাতের সুষম বণ্টন নিশ্চিত করা। নামাজ প্রতিষ্ঠা বাদ দিয়ে শুধু জাকাতের বণ্টন নিয়ে ব্যস্ত থাকলে সমাজে সুনাগরিক ও সৎ কর্মকর্তা তৈরি হবে না। 

শনিবার (১৪ মার্চ) রাজধানীর পুরানা পল্টনস্থ কনভেনশন সেন্টারে ‘মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। যুব জমিয়ত বাংলাদেশ এর আয়োজন করে। 

আব্দুর রব ইউসুফী বলেন, সৎ কর্মকর্তা না থাকলে রমজানে সৌদি সরকার প্রদত্ত খেজুর বিতরণ নিয়ে যে অনিয়মের ঘটনা ঘটেছে, জাকাতের ক্ষেত্রেও সেরকম পরিস্থিতি তৈরি হবে। বরং এর চেয়েও ভয়াবহ পরিণতির মুখে পড়তে পারে মুসলমানদের ফরজ বিধান জাকাত।

ইরানে আমেরিকা-ইসরায়েলের হামলার পর বর্তমানে চলমান যুদ্ধ বিশ্বশান্তিকে ব্যাহত করেছে জানিয়ে তিনি বলেন, পবিত্র রমজান মাসে আমেরিকা ও ইরানের মাঝে চলমান যুদ্ধ বিশ্বশান্তিকে ব্যাহত করছে। এর ফলে খাদ্য সংকটসহ নানা মানবিক সংকট দেখা দেওয়ার শঙ্কা রয়েছে। 

বিশ্বশান্তি রক্ষায় চলমান যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা তাফহীমুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নাসির আহমদের পরিচালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন— জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ, মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, মাওলানা শাহিদ হাতিমী প্রমুখ।