logo

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে নিরপেক্ষ ভেন্যুতে বসার প্রস্তাব জামায়াতের

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে নিরপেক্ষ ভেন্যুতে বসার প্রস্তাব জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী। তবে এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে নিয়েই আলোচনার টেবিলে বসতে চায় দলটি। একই সঙ্গে সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো ভেন্যুতে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে দলটি। সরকার ও বিএনপির পক্ষ থেকে যোগাযোগের পর এ অবস্থানের কথা জানিয়েছে জামায়াতে ইসলামী।

অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপেও ১১ দলীয় ঐক্যকে একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী রোববার ইসির সঙ্গে জোটের শরীকদের নিয়ে সংলাপে বসার কথাও রয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকেও সরকারের সঙ্গে সংলাপ, নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এসব সিদ্ধান্ত নেয় দলটি।

রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় আলোচনা হয় স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জামায়াতের অংশগ্রহণ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চলমান সংলাপে অংশ নিতে ১১ দলীয় ঐক্যের সব দলকে নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে বসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নির্বাহী কমিটির বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা তাদের ১১ দলীয় ঐক্য একসঙ্গে বসার বিষয়ে জানিয়েছি। এ বিষয়ে আমরা অনড়। এছাড়া সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, নিরপেক্ষ ভেন্যুতে বসার বিষয়টিও জানিয়েছি।

তিনি আরও বলেন, যেহেতু আমাদের দাবি দাওয়া সবই এক, সেহেতু নির্বাচন কমিশনের সঙ্গেও একসঙ্গে বসতে চাই। ইসিকে জানানো হয়েছে। সব ঠিক থাকলে রবিবার একসঙ্গেই বসব।

এর আগে গত ২৩ নভেম্বর সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন।

সংলাপ শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদমাধ্যমে বলেন, ‘শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে চিন্তা না করে ভারতের সঙ্গে সম্পর্ক এবং আওয়ামী লীগের রাজনীতির বিষয়টি দীর্ঘমেয়াদে মোকাবিলার জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রয়োজন। একই সঙ্গে আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি পররাষ্ট্রনীতি তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। যাতে পররাষ্ট্রনীতি কোনো নির্দিষ্ট দলের স্বার্থে পরিচালিত না হয়।’

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সামাজিক ঐক্যের বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নির্যাতন ও সম্পত্তি দখলের শিকার হয়েছেন।’

এ পরিস্থিতি মোকাবিলায় সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, মাজার-দরগা, সুফি, সাংস্কৃতিক কর্মীসহ সব সামাজিক শক্তির সঙ্গে আলোচনা করে তাদের ঐক্যবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে চালানো অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রচারণার জবাব দিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান এনসিপির আহ্বায়ক।

এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে সেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন বিরোধীদলীয় নেতা।