logo

স্বাধীনতার বিরোধিতাকারীরা এখন দাঁড়িপাল্লায় ভোট চায়: মির্জা ফখরুল

স্বাধীনতার বিরোধিতাকারীরা এখন দাঁড়িপাল্লায় ভোট চায়: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষ নিয়ে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইছে। জনগণের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, এখন আপনারাই বিচার করুন, তারা স্বাধীনতার পক্ষে নাকি বিপক্ষে ছিল।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের কথা আপনাদের মনে আছে, আমরা অস্ত্র হাতে পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ ও লড়াই করেছি। কেউ বাইরে থেকে এসে যুদ্ধ করে দেশ স্বাধীন করে দেয়নি। আমরা বাংলাদেশ ছেড়ে কোথাও যাইনি। 

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। আর এই কার্ডের মাধ্যমে নারীরা সরাসরি উপকৃত হবেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। যার মাধ্যমে কৃষকরা নানা সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সব ধর্ম-পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করা হবে।