Advertisement

এবার নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
এবার নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
ছবি: ফেসবুক থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সিলেট থেকে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, হামলায় গাড়ির কাঁচ ভেঙে তিনিসহ দুজন আহত হয়েছেন।

সিলেটের জৈন্তাপুর এলাকায় এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি পোস্টে দাবি করা হয়েছে, গাড়ির কাঁচ ভেঙে দুজনকে রক্তাক্ত করা হয়েছে। আরেকটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘তারেক রহমান, আমাকে রক্তাক্ত করে আপনি একটি ভয়াবহ ভুল করেছেন। আপনি সন্ত্রাসের পথে গেলেন। জৈন্তাপুর পদযাত্রার শেষ কর্মসূচি শেষ করে ফেরার পথে...।’

ওই ভিডিওতে নাসীরুদ্দীন গাড়ির ভাঙা কাঁচ ও রক্তাক্ত হাত দেখান।

এ নিয়ে পরপর কয়েক দিনে সিলেট অঞ্চলে এনসিপির একাধিক কর্মসূচিতে হামলার ঘটনা ঘটল। এর আগে হবিগঞ্জ ও সিলেটের গোলাপগঞ্জে দলটির নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। শুক্রবার রাতে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে সিলেটের সর্বশেষ পথসভা করে এনসিপি। এ নিয়ে দুই দিনে পাঁচ উপজেলায় পথসভা অনুষ্ঠিত হলো।

তবে, হামলার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত করে জানা যায়নি। এ বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যরাও কিছু বলতে রাজি হননি।