logo

সম্মতি সাপেক্ষে নারীদের কর্মঘণ্টা কমানো হবে : জামায়াত আমির

সম্মতি সাপেক্ষে নারীদের কর্মঘণ্টা কমানো হবে : জামায়াত আমির

কর্মজীবী নারীদের কর্মঘণ্টা তিন ঘণ্টা কমানোর যে বক্তব্য নিয়ে নানা রকম আলোচনা-সমালোচনা এর আগেও তৈরি হয়েছিল, সেই বিষয়টি ব্যাখ্যা করে নির্বাচনি ইশতেহারে রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ক্ষমতায় গেলে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনেরও ঘোষণা দিয়েছে দলটি।

তবে ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে আবার নারীদের কর্মঘণ্টা কমানোর বিষয়টি সামনে এনেছেন দলের আমির ডা. শফিকুর রহমান। মাতৃত্বকালীন সময়ে মায়েদের সম্মতি সাপেক্ষে কর্মঘণ্টা পাঁচে নামিয়ে আনা হবে বলে জানান তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির।

বক্তব্য প্রদানকালে ডা. শফিকুর রহমান বলেন, নারীদের যেন চাকরি না ছাড়তে হয়, সে জন্য মায়েদের কর্মঘণ্টা কমানোর কথা বলেছি। অথচ এটা নিয়ে নানা কথা ছড়ানো হলো। আমরা নাকি নারীদের চাকরি করতে দিতে চাই না। আমরা চাই অনেক নারী মা হওয়ার পর চাকরি ছেড়ে দেন, তাদের যেন চাকরি না ছাড়তে হয়, সেজন্য কর্মঘণ্টা শিথিল করার কথা বলেছি।

তিনি আরও বলেন, নারীদের কর্মঘণ্টা নির্ধারণে জামায়াতের একটি পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে সেটি বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে জামায়াতের পরিকল্পনা হলো, একজন নারী শিল্পকারখানা বা প্রতিষ্ঠানে যত ঘণ্টা কাজ করবেন, তার টাকা মালিকপক্ষ দেবে। বাকিটা সরকারের দায়।

নিরাপত্তা, শ্রম ও কর্মসংস্থান

ইশতেহার ঘোষণার আগে ও পরে আগামীর বাংলাদেশ পরিচালনায় দলটির অঙ্গীকার তুলে ধরে দুটি ভিডিও উপস্থাপনা দেওয়া হয়। এতে নির্বাচনে জয়ী হলে দলটির লক্ষ্য, উদ্দেশ্য ও অঙ্গীকারসহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়।

জামায়াতে ইসলামী তাদের ইশতেহারে তৃতীয় ভাগে বেকারত্ব দূর করতে কর্মসংস্থান নিয়ে বিশেষ পরিকল্পনার কথাও তুলে ধরে।

যেখানে বলা হয়, বেকারত্ব দূর করতে সাত কোটি কর্মক্ষম যুবকের জন্য দুই ভাগে কর্মসংস্থান তৈরি করা হবে। এবং সেটি দেশে ও দেশের বাইরে দুই জায়গাতেই করা হবে।

যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান তৈরির জন্য পলিসি প্রস্তুত করার কথাও বলেছে দলটি। এ জন্য যথাযথ প্রশিক্ষণের কথাও ইশতেহারে তুলে ধরা হয়েছে।

বিদেশে যেতে আগ্রহী বেকার জনশক্তিদের কারিগরি প্রশিক্ষণ, কম খরচে বিদেশে যাওয়ার জন্য আন্তঃসরকার চুক্তি, বিদেশ যাত্রায় ঋণ প্রদান ও ৫০ লাখ যুবকদের বিদেশে কর্মসংস্থানেরও পরিকল্পনা রয়েছে জামায়াতের।

জামায়াত তাদের ইশতেহারে বলেছে, দলটি ক্ষমতায় আসলে নারীদের সম্মান রক্ষা করে নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা হবে। সেই সঙ্গে মাতৃত্বকালীন সময়ে মায়েদের সম্মতি সাপেক্ষে কর্মঘণ্টা পাঁচে নামিয়ে আনা হবে তাদের সম্মতি সাপেক্ষে।

ইশতেহারে দলটি বলেছে, সরকারি চাকরির আবেদনের জন্য যে ফি নেওয়ার রীতি আছে, দলটি ক্ষমতায় এলে এই নিয়ম বাতিল করা হবে।

এ ছাড়া ব্যবসায়ী সমাজের সঙ্গে আলোচনার ভিত্তিতে শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের অঙ্গীকারও করেছে দলটি।