logo

সরকার গঠন করলে হাদির স্বপ্ন বাস্তবায়ন করা হবে: নাহিদ ইসলাম

সরকার গঠন করলে হাদির স্বপ্ন বাস্তবায়ন করা হবে: নাহিদ ইসলাম

১১ দলীয় জোট সরকার গঠন করলে গণঅভ্যুত্থানের অসমাপ্ত কাজ এবং শহিদ শরিফ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে জোটের জনসভায় তিনি এ কথা বলেন। 

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা সরকার গঠন করলে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের বিচার এবং হাদি হত্যার বিচার। সেই বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করা হবে।

চৌদ্দগ্রামের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন। তিনি সংসদে গিয়ে শুধু চৌদ্দগ্রামের জন্য নয়, সারা দেশের মানুষের পক্ষে কথা বলবেন, সংস্কারের পক্ষে কথা বলবেন।

এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে হাজারো শহিদের রক্তের বিনিময়ে আমরা নির্বাচন করে গণতন্ত্রের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা করতে পারছি। অনেকে মনে করছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বা একটা সাধারণ নির্বাচন, যা গত ১৬ বছর তাদের লড়াইয়ের ফসল। যারা এটা মনে করছে তারা ভুল ভাবছে; তারা গণঅভ্যুত্থানকে অস্বীকার করার চেষ্টা করছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদকে মোকাবেলা করে এক নতুন ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু পার্শ্ববর্তী দেশ বিগত সময়ের মতো এবারের নির্বাচনেও নানা তৎপরতা চালাচ্ছে।  

নাহিদ ইসলাম বলেন, তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন। কোনো আধিপত্যবাদী শক্তি এই নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করলে বাংলাদেশের জনগণ রুখে দেবে। বাংলাদেশের সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ।