Advertisement

৫ আগস্ট পল্টনে সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

এশিয়া পোস্ট নিউজ
৫ আগস্ট পল্টনে সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য
বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে জোটটি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এর আগে সন্ধ্যায় সেখানে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

হামিদুর রহমান আযাদ বলেন, ২৫ জুলাই সিলেট বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে পূর্বঘোষিত কর্মসূচি শেষ হয়েছে। নতুন কর্মসূচি নির্ধারণে লিয়াজোঁ কমিটি বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩ আগস্ট বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী কর্মসূচির চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

লিয়াজোঁ কমিটির বৈঠকে এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মাজেদ আতহারী এবং বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেন হামিদুর রহমান আযাদ। তবে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না।

বৈঠকে সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচিতে এনসিপির নেতাদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানানো হয়। জোটের পক্ষ থেকে এ হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।

সংবাদ ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলীয় ঐক্য ও এর শরিক দলগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে। এ সময় রাজনৈতিক কর্মসূচিতে হামলার ঘটনা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। রাজনৈতিক মতপার্থক্যের জবাব রাজনৈতিকভাবেই দেওয়া উচিত।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা আড়াল করতে সন্ত্রাস ও নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

হামিদুর রহমান আযাদ আরও অভিযোগ করেন, যুবদল, ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা এনসিপির কর্মসূচিতে হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।