আখতারুজ্জামান শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষেরও নেতা: শফিকুর রহমান

জামায়াত নেতা, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান এখন শুধু জামায়াতে ইসলামীর নেতা নন, তিনি এখন সারা বাংলাদেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও দলের আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মধুবাগ মাঠে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত দেশব্যাপী জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর এর আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ, তিনি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ভূমিকা রাখা প্রবাসী ভাইবোনদের পক্ষে কথা বলেছেন। আর সেই অপরাধেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
তার মতে, আখতারুজ্জামানের মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করে হাতকড়া, মাথায় হেলমেট এবং বুকে জ্যাকেট পরিয়ে অপমান করা হয়েছে।
জামায়াতে ইসলামী এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বলে জানান তিনি।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
