রেজাউল হত্যার বিচারে গড়িমসি জাতি বরদাশত করবে না : জামায়াত আমির

শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিম হত্যার বিচারে জাতি কোনো ধরনের গড়িমসি বরদাশত করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৮ জানুয়ারি) দিনগত রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
জামায়াত আমির লিখেছেন, শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক বুধবার বিকেলে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্বে এসে চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামায়াত সমর্থকদের ওপর বিএনপি সন্ত্রাসীরা হামলা চালায়।
‘এ ঘটনায় জামায়াতের ৫০ জনের অধিক সমর্থক আহত হন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টা ২০ মিনিটে শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম শাহাদাতবরণ করেন। আল্লাহ তায়ালা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতবাসী করুন। আমিন।’
ডা. শফিকুর রহমান আরও লিখেছেন, এ ব্যাপারে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা জনগণ দেখতে চায়। তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়। আর যারা এই খুনের নেশায় মত্ত হয়েছে, এদেরকে পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আমরা চাই দ্রুত এদেরকে পাকড়াও করা হোক। কোনো ধরনের গড়িমসি জাতি বরদাশত করবে না।
ফেসবুক পোস্টের শেষে গুরুতর আহতদের জন্য মহান আল্লাহর দরবারে সুস্থতা কামনা করেন তিনি।