প্রবাসীদের নিয়ে সরকারের পরিকল্পনা জাতিকে আশ্বস্ত করছে না: ইসলামী আন্দোলন

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে সরকারের পরিকল্পনা জাতিকে আশ্বস্ত করতে পারছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
বৃহস্পতিবার (৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
গাজী আতাউর রহমান বলেন, সরকারি পরিসংখ্যান অনুযায়ী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানে বর্তমানে প্রায় ৪৫ লাখ বাংলাদেশি কর্মরত। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, ২০২৫-২৬ অর্থবছরে মোট প্রবাসী আয়ের প্রায় ৪৫ দশমিক ৪০ শতাংশ এসেছে জিসিসিভুক্ত মধ্যপ্রাচ্যের ওই দেশগুলো থেকে। কিন্তু তাদের নিয়ে সরকারের পরিকল্পনা জাতিকে আশ্বস্ত করতে পারছে না।
তিনি বলেন, ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের বারোটি দেশে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সামরিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সংঘাত ছড়িয়ে পড়লে প্রবাসীদের কাজ, বাসস্থান এবং ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
প্রবাসীদের ভ্রমণ এবং কর্মসংস্থান সংক্রান্ত কার্যক্রমে বিঘ্ন ঘটছে জানিয়ে তিনি বলেন, কিছু এলাকায় হামলার ঘটনায় বিদেশি শ্রমিকদের হতাহত হওয়ার খবরও পাওয়া গেছে, যা প্রবাসী শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এর মধ্যে ইরানের হামলায় বাহরাইনে একজন এবং কুয়েতে দুই বাংলাদেশি মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯ বাংলাদেশি।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ভৌগোলিকভাবে যুদ্ধ দূর দেশে হলেও নাগরিকের নিরাপত্তা, আর্থিক ও সামাজিক অভিঘাত বিবেচনায় বাংলাদেশও এই যুদ্ধের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ হতে যাচ্ছে। এমন বাস্তবতায় সরকারের পরিকল্পনা, উদ্যোগ ও আয়োজন স্পষ্ট নয়। উদ্বিগ্ন প্রবাসী ও তাদের পরিবারকে সরকার আশ্বস্ত করতে পারছে না।
প্রবাসীদের বিষয়ে দ্রুততার সঙ্গে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
ইসলামী আন্দোলনের এ যুগ্ম মহাসচিব বলেন, সবার আগে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের আর্থিক ও মানসিক সহায়তা দিতে হবে। একইসঙ্গে দেশের অর্থনীতি নিয়ে গভীর ভাবনা শুরু করতে হবে।