logo

মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়
সাক্ষাৎ ও মতবিনিময়কালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৌজন্যে

দুর্গাপূজা উপলক্ষে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-১৫ আসনের সর্বস্তরের মানুষের সঙ্গে দিনব্যাপী মতবিনিময়ের অংশ হিসেবে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় এলাকায় অসাম্প্রদায়িক চেতনা, সামাজিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দুর্গাপূজার পাশাপাশি ঢাকা-১৫ আসনের ৪ নম্বর ওয়ার্ডের বাইতুর রেজা মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং বাইশটেকি ও ইমামনগর এলাকার বিভিন্ন বাড়ির মালিকদের সঙ্গেও আলোচনা করেন বিরোধীদলীয় নেতা। এ ছাড়া তিনি ১৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাফরুল মসজিদ কমিটির সভাপতি ও নেতৃবৃন্দ এবং দক্ষিণ কাফরুলের মৌলভীপাড়া এলাকার বাড়ির মালিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে পৃথক মতবিনিময় করেন।

এসব সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন ও নাগরিকদের বিভিন্ন প্রত্যাশার বিষয়টি উঠে আসে।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা-১৫ আসনের সদস্য সচিব শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম, কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান খান, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আইয়ুব আলী, কাফরুল দক্ষিণ থানা সেক্রেটারি আবু নাহিদ এবং কাফরুল উত্তর থানা সেক্রেটারি আশিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।