logo

হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

জাতিসংঘের তত্ত্বাবধানে শহিদ ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিত করে এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের নেতারা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে পুলিশের বাধা ঠেলে যমুনার প্রবেশমুখে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন সংগঠনটির সদস্যরা।

অবস্থানকালে তাদের ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত,’ ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’-এর মতো নানা স্লোগান দিতে দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, ওসমান হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের সদস্যরা।

দুই দিন আগে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যেই সংগঠনটির ব্যানারে সেখানে অবস্থান নিয়েছেন সদস্যরা।

রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, তারা দাবি তুলেছেন জাতিসংঘের মাধ্যমে তদন্ত করার। আমরা তাদের সঙ্গে কথা বলছি।

রাত সোয়া ৮টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে বলা হয়, চারপাশে শত শত পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের দিয়ে আমাদের ঘিরে রাখা হয়েছে। লাঠিসোঁটা নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে। আমাদেরও শেষ কথা, শহিদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর না করা অবধি আমাদের মেরে ফেলা হলেও আমরা একচুলও আমাদের অবস্থান থেকে সরব না।

অবস্থান কর্মসূচি চলাকালে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, নিরাপত্তা বিঘ্ন হতে পারে এই বিবেচনায় আমরা অল্প কয়েকজন মানুষ এসেছি। আমরা চাইলে আরও মানুষ আনতে পারতাম। প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত শহিদ ওসমান হাদির স্ত্রীকে নিয়ে আমরা অপেক্ষা করছি। বিচারের পরিপূর্ণ আশ্বাস না পেলে আমরা অবস্থান কর্মসূচি ছেড়ে যাব না।

এর আগে, বিকেল পৌনে ৫টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবিরসহ তিনজনকে সেখানে অবস্থান নিতে দেখা যায়।

পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংগঠনটির আরেকটি ফেসবুক পোস্টে বলা হয়, জাতিসংঘের অধীনে শহিদ ওসমান হাদির হত্যার তদন্তের ব্যাপারে আগামী ১ ঘণ্টার মধ্যে যদি মুহাম্মদ ইউনূসের তরফ থেকে কোনো বার্তা না আসে, ছাত্র-জনতাকে যমুনার সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

পরে সন্ধ্যা ৭টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যরা যমুনার সামনে গিয়ে অবস্থান নেন।

ইনকিলাব মঞ্চের আহ্ববায়ক ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যান।