logo

শিক্ষিত তরুণদের বিশেষ আর্থিক ভাতা দেওয়া হবে : তারেক রহমান

শিক্ষিত তরুণদের বিশেষ আর্থিক ভাতা দেওয়া হবে : তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে চাকরি হওয়া পর্যন্ত শিক্ষিত তরুণদের বিশেষ আর্থিক ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

ভাষণে নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, সরকার গঠন করলে বিএনপি শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর কিংবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি এই বেকার ভাতা হয়তো একজন শিক্ষিত বেকারকে স্বীয় উদ্যোগে, কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সক্ষমতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

নারীদের বিষয়ে তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনশক্তির বেশি নারী শক্তিকে রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতির মূল ধারার বাইরে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয়।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে বিএনপি প্রধান বলেন, দেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে। যদি আপনারা বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আমরা প্রথমবারের মতো দেশে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। পরিবারগুলোর নারী প্রধানের নামে এই কার্ড ইস্যু করা হবে। ফ্যামিলি কার্ডগুলোকে আমরা নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবে মনে করি।

বিএনপি ক্ষমতায় এলে দেশে-বিদেশে অন্তত এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। আর পে-স্কেলের অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেছেন, নির্বাচিত হয়ে সরকার গঠন করলে যথাসময়ে পে-স্কেল ঘোষণা করা হবে।

তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে, দেশের ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুই টেকসই হবে না।

ভাষণে তারেক রহেমান সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা তাদের দায়িত্ব বলেও উল্লেখ করেন।