গণভোটের প্রচারে আইডিয়া খুঁজছেন আসিফ মাহমুদ, মিলবে পুরস্কার

আসন্ন গণভোট সামনে রেখে জনগণকে সম্পৃক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গণভোটের প্রচার কার্যক্রম জোরদার করতে নাগরিকদের কাছ থেকে সৃজনশীল আইডিয়ার আহ্বান করেছেন তিনি। সেরা আইডিয়ার ১০ জনকে পুরস্কৃত করারও ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ।
সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
এনসিপির মুখপাত্র তার পোস্টে লেখেন, সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আসছে গণভোট। এই গণভোটে এবার আপনি শুধু আপনার সিদ্ধান্তই জানাবেন না, সিদ্ধান্তের পাশাপাশি একজন নাগরিক হিসেবে আপনি পরামর্শ দেবেন কীভাবে প্রচারণা করলে অন্য নাগরিকরা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে আগ্রহী হবে। আমরা জানতে চাই আপনার ক্রিয়েটিভ পরামর্শ।
আইডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম কিংবা অফলাইন উভয় জন্যই হতে পারে। সহজ, বাস্তবায়নযোগ্য ও সৃজনশীল সেরা ১০টি আইডিয়া নিয়ে পরামর্শদাতাদের সঙ্গে নিয়েই সরাসরি কাজ করা হবে।
এ ছাড়া আইডিয়া দেওয়া সেরা দশজনের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ এবং দ্বিতীয় ও তৃতীয় পরামর্শদাতা পাবেন যথাক্রমে ট্যাব ও স্মার্ট ওয়াচ। বাকি সাতজনের জন্যও আকর্ষণীয় গিফট হ্যাম্পার থাকবে বলে জানান আসিফ মাহমুদ।
আগ্রহীরা আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে [email protected] ঠিকানায় আইডিয়া পাঠাতে পারবেন।