logo

দাবি আদায়ে ছাত্রদল সভাপতির কঠোর হুঁশিয়ারি

দাবি আদায়ে ছাত্রদল সভাপতির কঠোর হুঁশিয়ারি

দাবি আদায়ে প্রয়োজনে নির্বাচন কমিশনের সামনে সারারাত অবস্থান করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ইসির সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি থেকে তিনি এ হুঁশিয়ার দেন।

ছাত্রদলের সভাপতি বলেন, তিন দফা দাবি আদায়ের জন্য সব পন্থা অবলম্বন করা হবে। প্রয়োজনে সারারাত অবস্থান করার পাশাপাশি মূল ফটকও অবরোধ করবে ছাত্রদল। 

তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। অবশ্যই আজকের মধ্যে আমাদের সমাধান দিতে হবে।

এর আগে,  নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনের সড়কে সোমবার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্রদল। এ সময় তাদেরকে দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এ ছাড়া ইসির প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছেন। তাদেরকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

ছাত্রদলের তিন দাবি হলো-
 
১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন সৃষ্টি করেছে।
 
২. একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের কারণে ইসি দায়িত্বশীল ও যুক্তিসংগত সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও দূরদর্শিতাহীন সিদ্ধান্ত গ্রহণ করছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছে।

৩. বিশেষ রাজনৈতিক দলের সরাসরি প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক।