ঢাকা-৮ আসনকে মদিনার মতো আদর্শ ও উন্নত সমাজ গড়ে তোলা হবে: নাসীরুদ্দীন

নির্বাচনে জয়ী হলে ঢাকা-৮ আসনকে মদিনার মতো আদর্শ ও উন্নত সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
প্রচারণার শেষ দিনে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গণসংযোগে তিনি এই অঙ্গীকার করেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে ঢাকা-৮ আসনকে পুরো দেশের জন্য একটি উদাহরণ হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে ঢাকা-৮ আসনকে সৌদি আরবের মদিনা নগরের আদলে একটি আদর্শ ও উন্নত সমাজ হিসেবে গড়ে তুলব।
শহীদ ওসমান হাদিকে নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়ন, ইনসাফের রাজত্ব কায়েম, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এবং নতুন বাংলাদেশ গঠন করতে ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছি।
তিনি বলেন, শহীদ ওসমান হাদি বাংলাদেশকে নিয়ে যে সমৃদ্ধ ও বৈষম্যহীন স্বপ্নের বীজ বপন করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নই এখন আমাদের প্রধান লক্ষ্য।
নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়া প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, জামায়াত একটি সুশৃঙ্খল, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত রাজনৈতিক দল। এনসিপি এবং জামায়াত উভয় দলই আগামীর বাংলাদেশ পুনর্গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।
তিনি বলেন, ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি ভুলে সবাইকে একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে একযোগে এগিয়ে আসতে হবে।
১২ ফেব্রুয়ারি সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা-৮ আসনের এই প্রার্থী বলেন, জনগণের রায় মেনে নেব। সেই মানসিকতা আমাদের সবার থাকতে হবে।
গণসংযোগ শুরুর আগে নাসীরুদ্দীন পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় যান। সেখানে তিনি জুলাই বিপ্লবের শহীদ এবং শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন।
জিয়ারত ও পথসভা শেষে তিনি শাহবাগ এলাকায় গিয়ে স্থানীয় ফুল ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দৈনন্দিন অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন।

