বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
নির্বাচনসংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের কাছে আপত্তি ও ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। গত ১৫ জানুয়ারি প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে অনিয়মের অভিযোগ তোলে দলটি। ওইদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে বিষয়গুলো তুলে ধরে এবং স্পষ্ট ব্যাখ্যা চায়।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, পোস্টাল ব্যালট প্রস্তুত ও প্রেরণের পুরো প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে বলে তারা মনে করে, যা তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। পাশাপাশি ভোটার স্লিপ সংক্রান্ত আচরণবিধি মানা হচ্ছে কি না— সে বিষয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এ ছাড়া নির্বাচনী আচরণবিধি অনুসরণ নিয়ে প্রশ্ন এবং কয়েকজন রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়ে আপত্তির কথাও আগেই জানিয়েছে বিএনপি। এসব বিষয়কে কেন্দ্র করেই আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে ধারণা করা হচ্ছে।