logo

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় সংসদে আবারও যদি পুরোনো সংবিধানের দোহাই দিয়ে সংস্কার সভা থেকে বিরত থাকা হয়, শপথ গ্রহণ থেকে বিরত থাকা হয়—সেটা জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে, নির্বাচনের সঙ্গে, অন্তর্বর্তী সরকার এই সবকিছুর বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। জুলাই গণঅভ্যুত্থানের শাহাদাতের সঙ্গে, হাজারও মানুষের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

সোমবার (৯ মার্চ) খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির উদ্যোগে বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আজকে যে নির্বাচিত সরকার এসেছে, এই সরকার হাওয়া থেকে আসেনি। এই সরকার কোনো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েও আসেনি। সেই সরকার একটি অন্তর্বর্তী সরকার আয়োজিত নির্বাচনের মধ্য দিয়ে এসেছে। তাদের বৈধতা হচ্ছে সেই জুলাই গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের বৈধতা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান এবং যেই জুলাই সনদ আদেশ হয়েছে, সেই আদেশ। এটা যেন নির্বাচিত সরকার ভুলে না যায়, এটা আমরা কেউই ভুলে না যাই।

নাহিদ ইসলাম বলেন, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দল। এই যে একটি সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে, এটা সম্ভব হয়েছে আমাদের হাজারো ভাই-বোনের শাহাদাতের মধ্য দিয়ে। তারা রক্ত দিয়েছিল বলে, আপনারা রাজপথে ছিলেন বলে, জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল বলেই এই রাজনৈতিক কর্মসূচি সম্ভব হয়েছে।

তিনি বলেন, আমরা আজকে ইফতার মাহফিলে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, একইভাবে সংসদেও ঐক্যবদ্ধভাবে আমরা অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ বাস্তবায়ন করব। জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।