লিয়াজোঁ কমিটির বৈঠকে সিদ্ধান্ত/সমমনা ইসলামি দলের ব্যানারে কাজ করবে সাত দল

নতুন কোনো রাজনৈতিক দল গঠন না করে ‘সমমনা ইসলামি দল’ নামের ব্যানারে কাজ করবে কওমি ধারার সাতটি রাজনৈতিক দল। বর্তমানে বিএনপি বা জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলের সঙ্গে জোটে থাকা দলগুলো আলোচনা করে সমমনা ইসলামি দলের ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় হেফাজতে ইসলামের নেতৃত্বাধীন লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বৈঠকটি চলে দুপুর দেড়টা পর্যন্ত।
হেফাজতে ইসলাম ও দলগুলোর সূত্রে জানা গেছে, বৈঠকে সাতটি সমমনা ইসলামি রাজনৈতিক দল পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনা করবে বলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। নতুন কোনো রাজনৈতিক দল গঠন না করে সমমনা ইসলামি দল নামের একটি অভিন্ন ব্যানার ব্যবহার করে সাতটি দল সম্মিলিতভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে। দলগুলো নিজ নিজ স্বতন্ত্র পরিচয় বজায় রেখেই এই উদ্যোগে অংশ নেবে।
এ ছাড়া বর্তমানে বিএনপি বা জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ থাকা দলগুলো পর্যায়ক্রমে নিজ নিজ দলীয় প্রধানের সঙ্গে আলোচনা করে সমমনা ইসলামি দলের এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হওয়ার বিষয়ে অগ্রসর হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে সমমনা ইসলমি দলের কর্মসূচি প্রণয়নে আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির, মহাসচিব মুফতি শাখাওয়াত হোসেন রাজীসহ সংশ্লিষ্ট দলগুলোর অন্যান্য নেতারা।

